প্রতিটি ইউনিয়ন ভূমি ও এসিল্যান্ড অফিসে ব্রডব্যান্ড ইন্টারনেট দাবি

১০ জুন, ২০২০ ১৬:০১  
উপজেলা পর্যায়ে প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আরো আধুনিক করতে পর্যাপ্ত বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অন্তত একজন টেকনিক্যাল অফিসার নিয়োগ এবং এসিল্যান্ড ও ভূমি অফিসগুলোকে ব্রডব্যান্ড নেটওয়ার্কের অধীনে নিয়ে আসার দাবি জানিয়েছেন ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারি। তিনি বলেন, আমি আইসিটি প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করছি, প্রত্যেকটি উপজেলা ভূমি অফিস এবং এসি ল্যান্ড অফিসে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। এই যে আজকে আমাদের মান্নান কথা বলতে পারছিলো না। এটা ব্রডব্যান্ড থাকলে হতো না। আমরা এখন সবাই ডাটা ইউজ করছি। ব্রডব্যান্ড হলে জনগন নির্ভযোগ্য ও ভালো সেবা পাবে। সদ্য পদন্নতি পাওয়া বোর্ড চেয়ারম্যান আরো বলেন, প্রতিবছর দেশে ৬৭ লাখ উত্তরাধিকার এবং দলিল নিবন্ধন হয়। এ জন্য মিউটেশন করতে হয়। কিন্তু এর মাত্র ৩০ লাখকে আমরা অ্যাড্রেস করতে পারছি। অর্ধেকের বেশি অচিহ্নিত থেকে যাচ্ছে। মাঠপর্যায়ের সাব-রেজিস্ট্রি অফিসগুলোর ডিজিটাল রূপান্তর না হওয়ায় এটা সম্ভব হচ্ছে না। আর তাই ভূমিমন্ত্রণালয়ের অধীনে এসিল্যান্ড এবং সাবরেজিস্ট্রার উভয়কেই একই প্লাটফর্মে নিয়ে আসা দরকার। ই-মিউটেশন উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন এবং ভূমি মন্ত্রণালয়ের পরবর্তী কার্যক্রম বিষয়ে অবহিত করতে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন তিনি। বুধবার সকালে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ভূমি সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারীর। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেব সংযুক্ত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্যান্যের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান, ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারি, সাবেক ভূমি কমিশনার মাহফুজুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ মোঃ ইউসুফ হারুন, আইসিটি বিভাগের সিনিয় সচিব এন এম জিয়াউল আলম, এটুইআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।